
কক্সবাজারের মহেশখালীতে লাইসেন্সবিহীন তেল বিক্রি ও মজুতের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে পাঁচটি ভাসমান তেল বিক্রয়কেন্দ্র ও একটি দোকান রয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি চালায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স ছাড়াই ভাসমান ও স্থায়ী দোকানে জ্বালানি তেল বিক্রি ও মজুত করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স ওসাম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং রাসেল এন্ড কোম্পানির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্য চার প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, জনস্বার্থে এবং অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।